আগামী ৭ নভেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে। তবে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত থাকছে।
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার পর বিমান রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান। গত ১০ অক্টোবর প্রথম রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। এরপর থেকে রিয়াদগামী রুটে মাত্র একটি ফ্লাইট পরিচালনা করেছে বিমান।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছে। এর ফলে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় এই রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীগণকে নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।


