স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন-এসআরবি’র (সাবেক র্যাব) মহাপরিচালক পদে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসআরবি’র নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ।
বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এই বদলির প্রজ্ঞাপন জারি করে।
এসআরবি’র শীর্ষপদ ছাড়াও আরও দুজন অতিরিক্ত আইজিপি এবং দুজন ডিআইজিকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো: ইসরাইল হাওলাদার পদোন্নতি পেয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হয়েছেন। আর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় পাঠানো হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার পদে বদলি করা হয়েছে। রেলওয়ে পুলিশেষর ডিআইজি মীর আশরাফ আলীকে করা হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি।
এছাড়া ভিন্ন এক প্রজ্ঞাপনে ৬ জন পুলিশ সুপারকে বদলি করা হয়। তাদের মধ্যে নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার, এসআরবি’র উপপরিচালক মোঃ বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার, জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার, বরগুনার পুলিশ সুপার মো: কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার এবং এসআরবি’র পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।


