‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’–এই চিরায়ত আহ্বানকে হৃদয়ে ধারণ করে নতুন বছরকে বরণ করে নিয়েছে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’। মঙ্গলবার সকালে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উৎসবের মূল আকর্ষণ ছিল দুপুর ১২টায় অনুষ্ঠিত বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। এই আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র। একই সঙ্গে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলবে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।
শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির নান্দনিক সৌন্দর্য ছড়িয়ে দিতে গত দুই যুগেরও বেশি সময় ধরে নিরলস কাজ করে যাচ্ছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।


