চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. কামরুল হোসেন। তিনি আগামী এক বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
মো. কামরুল হোসেন চলতি বছরের ৩১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক কামরুল হোসেনের নিয়োগ চিঠি ইস্যু করা হয়েছে।’
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে কামরুল হোসেন বলেন, ‘এতদিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশ্ববিদ্যালয়কে সবসময় সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাব।’
‘এ কাজে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব’, যোগ করেন তিনি।


