ঢাকার উত্তরাতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, তার বাবা আব্দুল্লাহপুর মাছের আড়তে পানি সরবরাহ করতেন। আড়তের পাশেই থাকতেন তিনি। ছেলে জিহাদ থাকেন অন্য জায়গায়। আর তাদের পরিবার গ্রামের বাড়ি বগুড়ার শীবগঞ্জে থাকে।
সকালে ইকবাল ফোনে তার বাবার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পান। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সকালে তার বাবা আড়তে যাওয়ার পর রাস্তা পার হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন একটি বাস ও আটোরিকশার মাঝে চাপা পড়েন বলে তিনি জানতে পেরেছেন।
তবে কেউ কেউ বলছেন, দুটি বাসের মাঝে চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


