আত্মগোপনে থাকা অবস্থায় মারা গেছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মহিউদ্দিন আহমেদ টানা প্রায় ৩৫ বছর সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়া রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি দীর্ঘ সময় স্থানীয় সরকারে দায়িত্ব পালন করেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের টানা পাঁচবারের চেয়ারম্যান ছিলেন।
পরিবারের দাবি, জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় এজাহারভুক্ত আসামিসহ একাধিক মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় বিভিন্ন হুমকি-ধামকি ও মব সহিংসতার আশঙ্কায় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি।
পরিবারের সদস্যরা জানায়, প্রায় ১৮ মাস ধরে তিনি দুর্ভোগের মধ্যে জীবন কাটিয়েছেন। অসুস্থ হয়ে পড়লেও নিরাপত্তাজনিত কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেননি। দীর্ঘদিন চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।


