নরসিংদীর রায়পুরায় তাসকিয়া আক্তার নামে ৭ বছর বয়সী শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তিন দিন আগে নিখোঁজ হয়।
সোমবার সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তিনদিন আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসকিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে শিশুটির পরিবার। পরে পরিবারসহ পুলিশ এলাকার বিভিন্ন স্থানে মেয়েটির সন্ধান করেও পায়নি।
সোমবার সকালে বালুয়াকান্দির চরে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহটির ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।

