দেশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি রাষ্ট্রদূতদের ভয় দেখানোর উদ্দেশ্যেই ঢাকায় কয়েকটি দূতাবাসে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শত্রুতাবশত এবং এটি একটি দেশবিরোধী অপতৎপরতা। ঘটনায় নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ঢাকায় তিন থেকে চারটি দূতাবাস এবং কয়েকটি সরকারি দপ্তর চাঁদা চেয়ে হুমকি পেয়েছে। এসব হুমকির পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।
ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কাজ করছি এটা নিয়ে। আমরা আপনাদের আশ্বস্ত করেছি, যেকোনো ঘটনা ঘটলে গুরুত্বের সঙ্গে দেখি। আমরা আশাবাদী, এটাও উদ্ঘাটন করব। এর নেপথ্যে যারা আছে, তাদের আইনের আওতায় নিয়ে আসব।’
দূতাবাসগুলোতে পাঠানো হুমকির ই-মেইলে দেওয়া বিকাশ নম্বরগুলোর বিষয়ে জানতে চাইলে ডিবি কর্মকর্তা জানান, এসব নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তবে প্রাথমিকভাবে তাদের কাছ থেকে হুমকির ঘটনায় সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।
শফিকুল ইসলাম বলেন, ‘মেইল করে তারা যে বিকাশ নম্বরগুলো দিয়েছে, সেই বিকাশ নম্বরের প্রায় ৩-৪ জনকে আমরা নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। তারা কিছুই জানে না। তারা নিরীহ লোক।’


