ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহম্মেদ বাবুর (৩৮) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার সকালে আমিনবাজারের বেগুনবাড়ী বড় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আমিনবাজারের বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
আহম্মেদ বাবুর বড় ভাই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ৩টার দিকে বেনাপোল স্থলবন্দর হয়ে তার মরদেহ সাভারের আমিনবাজারে নিজ বাড়িতে পৌঁছায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী শিকদার পাড়া এলাকার মরহুম আদম আলীর চার ছেলের মধ্যে সবার ছোট ছিলেন আহম্মেদ বাবু। তিনি আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারের মার্কেটে ‘কিউট কসমেটিকস’ নামে একটি দোকান পরিচালনা করতেন।
দীর্ঘ দুই বছর পর ভারতের ভিসা পেয়ে গত ১৭ আগস্ট রাতে ব্যবসায়িক কাজে কলকাতায় যান আহম্মেদ বাবু। সেখানে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। ওই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে বাবুও ছিলেন।
আহম্মেদ বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আমিনবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে তার বাড়িতে ভিড় করেন।
আহম্মেদ বাবু স্ত্রী, ১১ বছরের মেয়ে রোজা, ৪ বছরের ছেলে সোহাগ ও বৃদ্ধা মাকে রেখে গেছেন।
রোববার সকালে অনুষ্ঠিত জানাজায় সাভার থানা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।


