বাংলাদেশে আইনি বিষয়, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছে ক্রোয়েশীয় সরকারের চার সদস্যের একটি প্রতিনিধিদল।
সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্রোয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল নেনাদ ক্রেনাক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ক্রোয়েশিয়ার অ্যাটর্নি আন্তে গ্রেলিক র্যাডমান এবং সফটেক ডেভেলপমেন্ট খাতের বোর্ড সদস্য পিটার জানিসিক।
সাক্ষাৎকালে বাংলাদেশে ক্রোয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতাও চান তারা।
জবাবে অ্যাটর্নি জেনারেল তাদের বক্তব্য শোনেন এবং বাংলাদেশের প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন।
আলোচনায় বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের আগ্রহের কথা জানান ক্রোয়েশীয় প্রতিনিধিরা। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তারা।
অ্যাটর্নি জেনারেল তাদের এ আগ্রহকে স্বাগত জানান এবং বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত কোনো আইনি জটিলতা দেখা দিলে আইনানুগ সীমার মধ্যে তার কার্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে আইনি সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।


