অভিনেতা নূরের প্রথম নির্মাণ

অভিনেতা নূরের প্রথম নির্মাণ
নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ও মৌসুমী হামিদ। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আসছেন। তার নির্মিত ‘জ্বীনের বাচ্চা’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। দর্শকরা দেখতে পারবেন ১৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি প্রথম প্রহরেই।

অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর হঠাৎ নির্মাণে কেন? এমন প্রশ্নে ইমরান জনান, অভিনয় তাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু তার ভেতরে সবসময়ই ছিল গল্প বলার এক অদম্য ক্ষুধা। তার ভাষায়, এটা এক ধরনের ‘স্টোরিটেলিং ক্রেভিং’– যা তাকে ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে নিয়ে এসেছে।

গল্প প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সার্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক ধরনের অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি এখানে।’

গ্রামীন জীবনের চেনা গল্প মনে হলেও ‘জ্বীনের বাচ্চা’ সম্পূর্ণ ফিকশন। তবে এতে কিছুটা ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া রয়েছে বলে জানান নির্মাতা, যা বাস্তব ও অবাস্তবের সীমারেখাকে ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেয়।

আরও পড়ুন

সর্বোপরি ’জ্বীনের বাচ্চা’ কি কোনো রুপকের আশ্রয়? নির্মাতা এই প্রশ্নের উত্তর দর্শকের হাতেই তুলে দিয়েছেন। তার মতে, পুরো কনটেন্টটি দেখার পর দর্শক যে অনুভূতি বা ব্যাখ্যা খুঁজে পাবেন, সেটিই হবে এই নামের প্রকৃত অর্থ।
‘জ্বীনের বাচ্চা’র কেন্দ্রীয় চরিত্রে আছেন মৌসুমী হামিদ। তার সঙ্গে রয়েছেন সরকার রওনক রিপন, আজাদ আবুল কালাম, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার।

ইতোমধ্যে প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মৌসুমী হামিদের চরিত্রটি বাকপ্রতিবন্ধী এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় অশান্তি। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি—সব মিলিয়ে তিনি যেন এক নিঃসঙ্গ লড়াইয়ের মুখোমুখি।

গল্পটি লিখেছেন স্বাক্ষর কুন্ডু দীপ এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad