দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৮৩ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩৮২ জনই ঢাকা বিভাগের।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬২ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৭০ শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ২৪ হাজার ৭৭৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৬১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৩ হাজার ২৫৮ জন।


