চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে শাহদাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মাহমুদ (৭) নামের অপর শিশু এখনো নিখোঁজ রয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত ওই গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে এবং নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে কয়েকজন নদীর ঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে শাহদাত ও মাহমুদ পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর শাহদাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত যৌথ অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্ধকারে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় সন্ধ্যার পর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। কাল সকালে আবারও তল্লাশি শুরু করার পরিকল্পনা রয়েছে।


