রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাদ্যের তাল আর নাচের ছন্দে বাংলা ১৪৩৩ নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নেওয়া হয়। ‘বর্ষবরণ পর্ষদ’-এর ব্যানারে এই উৎসবের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশাত্মবোধক গান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ এবং সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। গান শেষে নারী ও শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মিছিলটি ধানমন্ডির কয়েকটি সড়ক ঘুরে আবারও ২৭ নম্বর সড়কে ফিরে আসে। এরপর শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।
অনুষ্ঠানে আসা বয়োজ্যেষ্ঠ নাগরিকরা জানান, দেশের নতুন প্রজন্মের মাঝে বর্ষবরণের আনন্দ ছড়িয়ে দেওয়া জরুরি। নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরতেই তারা এই বয়সেও সশরীরে হাজির হয়েছেন।
বর্ষবরণ পর্ষদের তরুণ প্রতিনিধি সরদার রিহান বলেন, ‘সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কৃতি বা সাংস্কৃতিক কাজ বদলে যেতে পারে না। বৈশাখ বরণের সাথে ‘মঙ্গল শোভাযাত্রা” নামটি আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। এ কারণেই সাধারণ মানুষ আজ এই নামেই উৎসব করছে।’
আয়োজনে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও প্রবীণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উৎসব চলাকালে নারী ও শিশুদের হাতে মেহেদি লাগানোর ব্যবস্থা ছিল। এ ছাড়া, বিশাল বিশাল হাতি ও ঘোড়ার প্রতীকের সামনে ছবি তুলতে শিশুদের ভিড় দেখা যায়। ফুলের সাজে সজ্জিত এই উৎসবে যোগ দিয়ে পরিবারসহ সবাই ছবি তোলায় মেতে ছিলেন।


