কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এসময় আহত হয়েছেন র্যাবের ৭ সদস্য। তাদের মধ্যে দুজনের জখম গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ সরকার। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে বুধবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিল চলাকালে ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়।
ফরিদুল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম জানান, গ্রেপ্তার আসামি ১০টি মামলার আসামি এবং তিনটি হত্যা মামলায় পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আসামির সহযোগীরা মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাবের দুটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। এরপরই র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ফরিদুল আলমকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।


