রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা করা হয়েছে।
রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৫১, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৭২, মিরপুরে ১২৬, গুলশানে ৫০, উত্তরা বিভাগে ৬৭ জন ও গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও অস্ত্র-মাদক উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


