যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের একই পরিবারের বাবা ও ছেলে। তাদের নাম মোহাম্মদ হিরামন (৬০) ও তার ছেলে নাজমুল এম. রুবেল (৩০)। ওই বাংলাদেশি পরিবারটি নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
কড়ইবাড়ী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, জিয়া এবং পাশের পীরকাশিমপুর গ্রামের মঈদ আহমেদ জানান, হিরামন কড়ইবাড়ীর প্রয়াত হারুনুর রশিদের ছেলে।
হিরামনের ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপুর বরাত দিয়ে তারা আরও জানান, গত রাতে নিউইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে ওই সড়ক দুর্ঘটনায় হিরামনের ছেলের বন্ধু ফাহিম হালিমও প্রাণ হারান। এ সময় নিহত হিরামনের বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না (৩৬) এবং রত্নার চার বছর বয়সী মেয়ে ইকরা আয়াত গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এ ছাড়াও অন্য গাড়িটিরও একজন আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।
আগামী বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ হিরামন ২০১৮ সাল থেকে স্ত্রী নাজমা আক্তার, বড় ছেলে নাজমুল এম. রুবেল, ছোট ছেলে নাজমুল হাসান অপু, বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না ও ছোট মেয়ে রিমাকে নিয়ে সপরিবারে নিউইয়র্ক শহরে বসবাস করে আসছিলেন।


