নারী ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নারীদের স্বাবলম্বী করে তোলার ওপরও জোর দেন তিনি।
ঢাকার বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের পাশে থাকতে চাই। জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নারীদের জন্য এ কার্ড করব। আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, কৃষক কার্ড দেওয়ার। আজ যেভাবে নারীদের কাছে কার্ড দেওয়া হয়েছে, কৃষকের হাতেও সেভাবে কার্ড তুলে দেওয়া হবে।’
আগামী মাসের মধ্যে কৃষক কার্ডের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ‘কৃষি ঋণ মওকুফের কথা বলেছিলাম। জনগণের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা থেকে আমরা বিন্দুমাত্র সরব না। হয়তো বাস্তবতা বিবেচনায় সময় কিছুটা বেশি লাগতে পারে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করব।’
মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আসুন ধৈর্য্যর সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করি, দেশকে গড়ে তুলি।’
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারীপ্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ ভাতা দেওয়া হবে, ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন।
পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।


