দেশের বাজারে ফের সোনা ও রুপার দাম কমেছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। একইভাবে রুপার দামও ভরিতে ১৭৫ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
সোমবার সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় সোনা ও রুপার এ নতুন দামের কথা জানানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নির্ধারিত দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৪ মার্চ দেশের বাজারে বড় ব্যবধানে সোনা ও রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা এবং ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।


