ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার জানিয়েছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে দাফন করা হবে।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিবার জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সাখাওয়াত আলী খান স্ট্রোক করেন। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর বাসায় নেওয়া হয়। রোববার রাতে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাখাওয়াত আলী খান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাকালীন একজন শিক্ষক। ২০০৮ সালে তিনি অবসরে যান। এরপর পাঁচ বছর সুপার নিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি বিভাগটির অনারারি অধ্যাপক ছিলেন।


