গোপালগঞ্জে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যানটির চালক নিহত হয়েছেন। এ সময় নছিমনে থাকা আরও দুজন গুরুতর আহত হন।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম বিপ্লব বিশ্বাস। আহতদের পরিচয় জানা যায়নি।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমনচালক বিপ্লব ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নসিমনে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চালকের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা বলে জানান তিনি।


