দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সৌরভ দাশ আয়কর নথি জব্দের আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে তার ও তার স্ত্রীর সম্পদের প্রকৃত উৎস এবং পরিমাণ যাচাই করতে তাদের আয়কর নথি পর্যালোচনা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।


