প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী দুই মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার বিকালে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবন নিয়ে বিশেষ শিল্প আয়োজন ‘আলো’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘চার্জশিট দাখিল শেষে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাই যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়।’
এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সারা পৃথিবীর সামনে মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। এদেশের যারা প্রগতি বিরোধী, যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি তাদের একটা রমরমা ভাব ছিলো- এ মেসেজটা সারা পৃথিবীতে গেছে।’
‘আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এরকম একটা উল্টো মেসেজ দেবো যে, এ রকম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।’
বিএনপির নির্বাচনী ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনী ইশতেহার অনুযায়ী সকলের সহযোগিতায় সেটা বাস্তবায়ন করতে চাই।’
প্রদর্শনীটিকে জীবন্ত জাদুঘরের মতো মনে হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছু দেখেছি ও শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, সেটা তারা কখনো পারেনি।’

বিএনপি ঘটনার সময়ই এর তীব্র নিন্দা জানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেসময় সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে দাবি জানানো হয়েছিল।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে। আজকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে।’
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘যেকোনো পত্রিকার তার নিজস্ব আদর্শগত মতবাদ থাকতে পারে। যদি সেটা থেকেও থাকে তবে সেটার সমালোচনা হতে পারে। সেটার জন্য নিয়ম তান্ত্রিক যে কোনো প্রতিবাদ হতে পারে- আমরা এই পর্যন্ত রাজি আছি।’
‘দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে ধরনের হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের মৃত্যু ঘটতে পারত। এই ধরনের ঘটনার যদি বাংলাদেশে কেউ পুনরাবৃত্তি ঘটায়, সাধারণ নাগরিকদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মনে করি ‘
স্বরাষ্ট্রমন্ত্রী পরে ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।


