২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা বেশ কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে নিরীহ ও সাধারণ মানুষকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কিছু সুবিধাবাদী শ্রেণি এসব মামলা করেছে, যা আমাদের নজরে এসেছে। যাচাই-বাছাই করে আমরা সঠিক তথ্য বের করব।’
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হয়, সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
মন্ত্রী জানান, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা আরও ১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১ হাজার ৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
‘আরও কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক কি না, তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হবে,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অপব্যবহার রোধে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে এবং এ বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।


