নোয়াখালীতে চোরাই মোবাইল ও সিমসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১-এর একটি দল।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নোয়াখালী র্যাব ১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, শনিবার রাতে তাদের বেগমগঞ্জে রেলগেট সংলগ্ন গণিপুর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি চৌমুহনী বাজারের একটি অটো রিকশা স্ট্যান্ড থেকে একটি ফোন চুরি হয়েছিল। ভুক্তভোগী আশরাফুল ইসলাম (১৭) বাজার করার সময় তার প্যান্টের পকেট থেকে কৌশলে ফোনটি হাতিয়ে নেওয়া হয়। পরে তার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে চৌমুহনী রেলগেট সংলগ্ন গণিপুর রোডে অভিযান চালায় র্যাব। এ সময় ‘ফাহিম ফ্রুট এজেন্সি’র সামনে থেকে মোবাইল বিক্রির সময় দুই পেশাদার চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন গণিপুর এলাকার মো. জোবায়ের হোসেন ওরফে জুয়েল (২২) ও সাখাওয়াত হোসেন তুহিন (২১)
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি নীল রঙের লেনোবো কে ১২ মডেলের স্মার্টফোন ও একটি ছাই রঙের সিম্ফনি ব্র্যান্ডের স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আসামিরা নোয়াখালীর চৌমুহনী ও মাইজদী এলাকায় সক্রিয়ভাবে চুরি ও ছিনতাই করে আসছিলেন। চুরি, ছিনতাই ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


