ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে দশমিক ৮৯ শতাংশ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।
ইসি জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১২ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার ভোট দেন। ভোটগ্রহণ হয় ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে। কারণ, শেরপুর-৩ আসনের নির্বাচন প্রার্থী মৃত্যুর ঘটনায় আগেই বাতিল করা হয়।
তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ইসি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে। আসনভিত্তিক ফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (আন্দালীব রহমান পার্থ নেতৃত্বাধীন) ১টি আসনে, গণঅধিকার পরিষদ ১টি আসনে, গণসংহতি আন্দোলন ১টি আসনে এবং খেলাফত মজলিশ ১টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনে বিএনপি ২৯০টি আসনে, জামায়াত ২২৭টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে, জাতীয় পার্টি ১৯৯টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিশ ৩৪টি আসনে এবং এনসিপি ৩২টি আসনে প্রার্থী দেয়।


