গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত ওই এলাকা থেকে চলে যায়।
শুক্রবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম নামক এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন (২বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং-এর মাঝখানে ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ করে অজ্ঞাতনামা কয়েকজন।
বিস্ফোরিত ককটেলটি জর্দার কৌটায় কালো কসটেপ দিয়ে পেঁচানো ছিল। ককটেল বিস্ফোরণে বিকট শব্দ হলে, এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোপালগঞ্জে গত পাঁচদিনে এ নিয়ে তিন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে।’
গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে যৌথ বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।


