সদ্য স্ত্রী ও নয় মাসের সন্তান হারানো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
তিনি সাংবাদিকদের বলেন, মানবিক বিবেচনায় আদালত সাদ্দামকে জামিন দিয়েছে। তার বিরুদ্ধে সাতটি মামলা ছিল। এর আগে ছয়টিতে তিনি জামিন পান। সোমবার সর্বশেষ মামলায় তিনি জামিন পেলেন।
জুয়েল হাসান সাদ্দাম কারাগারে বন্দী। গত ২৩ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সন্ধ্যায় সাদ্দামের স্ত্রী-সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে কারাফটকে আনেন স্বজনরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের ছয় সদস্যসহ লাশবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। স্ত্রী-সন্তানের লাশ দেখতে সাদ্দামকে পাঁচ মিনিটের মতো সময় দেওয়া হয়।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান টাইমসকে জানান, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তিসংক্রান্ত কোনো লিখিত আবেদন যশোর জেলা ম্যাজিস্ট্রেট কিংবা কারা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি। পরিবারের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ কারাফটকে মরদেহ দেখানোর ব্যবস্থা করে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এরপর তাকে যশোর কারাগারে রাখা হয়।


