কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার বুলেটপ্রুফ গাড়িতে কাগজ সেঁটে দেয় এক বাইকার। চলন্ত অবস্থাতেই ওই গাড়িতে কাগজ লাগিয়ে দ্রুত পালিয়ে যায় ওই মোটরসাইকেল আরোহী।
গত বুধবার রাতে ওই ঘটনা ঘটলেও এখনও মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাটি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম রোববার রাতে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বলতে গেলে পুলিশ তারেক রহমানের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থাকে। বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান।’
কাগজে কিছু লেখা ছিল না জানিয়ে তিনি বলেন, মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।
তিনি বলেন, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। ঘটনাটি জানার পর পুলিশ জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।


