কুমিল্লার বুড়িচং উপজেলায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
সোমবার সন্ধ্যায় বিষয়টি জানান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
তিনি বলেন, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। তাই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আসামিরা হলেন- উপজেলার আবিদপুর গ্রামের মোকাম ইউনিয়ন যুবলীগের সদস্য মোহাম্মদ আনোয়ার, মোখলেসুর রহমান এবং মোহাম্মদ শাহজাহান।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোকাম ইউনিয়নে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ মজিবুর রহমান। অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে শ্লোগান ও দোয়া করা হচ্ছে।


