কোয়ান্টামের সঙ্গে কর্মসূচি স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়

কোয়ান্টামের সঙ্গে কর্মসূচি স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি
Advertisement
Advertisement

বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের তৈরি ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা’ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত গত ৫ মার্চ যে নির্দেশনা দেওয়া হয়েছিল স্থগিত করা হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, সাংবাদিক জুলকারনাইন সায়ের কোয়ান্টামের সঙ্গে মন্ত্রণালয়ের এই কর্মসূচি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশ্ন ওঠে কোয়ান্টামের কার্যক্রম নিয়েও।

আরও পড়ুন

সেই পোস্টে সায়ের বলেন, কোয়ান্টামের ম্যানুয়াল অনুযায়ী, দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য এক দিনের বিনামূল্যে প্রশিক্ষণ আয়োজন করার পরিকল্পনা ছিল। পাইলট প্রোগ্রাম হিসেবে ইতোমধ্যেই ১২৮টি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কোয়ান্টামের নিবন্ধিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য কার্যক্রম আয়োজন করবেন। ম্যানুয়ালে থাকা নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান একটি মনিটরিং পুল গঠন করবে যা কার্যক্রমের দৈনন্দিন বাস্তবায়ন নিশ্চিত করবে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, প্রশিক্ষণ ম্যানুয়ালের নির্দেশনার বাইরে কোনো কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। নতুন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রতি বছর পুনরায় আয়োজন করা হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবককেও কার্যক্রমের সঙ্গে যুক্ত করা যেতে পারে।

জুলকারনাইন সায়েরের ওই পোস্টের পরই শিক্ষা মন্ত্রণায়ের এই নির্দেশনা এল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad