বাছাইয়ের সময় তুচ্ছ কারণ দেখিয়ে এবং আইনের অতি ব্যবহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত বা বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রীতি অনুযায়ী ২৬৮টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। বাছাইয়ের সময় তুচ্ছ কারণে এবং আইনের অতি ব্যবহার করে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত বা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিরুদ্ধে ঋণখেলাপি, মামলা বা এ ধরনের কোনো গুরুতর অভিযোগ নেই। সামান্য কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সহযোগিতামূলক মনোভাব পোষণ করলে প্রার্থীদের আপিলের ঝামেলায় যেতে হতো না। এর মাধ্যমে নির্বাচনের প্রার্থীতাকে হয়রানিমূলক করে ফেলা হয়েছে, যা উৎসবমুখর নির্বাচনী পরিবেশকে ব্যাহত করবে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ‘নির্বাচনের মনোনয়নপত্রে অনেক জটিল তথ্যের সমাহার থাকে। যোগ্য ও যথার্থ জনপ্রতিনিধি নির্বাচনের জন্য এসব তথ্য প্রয়োজন। তবে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই, ছোটখাটো তথ্য বাদ পড়ে যাওয়া বা অসাবধানতাজনিত ভুলগুলো যেন সহজ ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়।’
তিনি আরও বলেন, ঋণখেলাপি, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া, দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর বিষয় ছাড়া অন্য ক্ষেত্রে সংশোধনের সুযোগ দিতে হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিপুলসংখ্যক ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়।
সেখানে কিছু ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ থাকা উচিত। কারণ, নির্বাচনে যত বেশি প্রার্থী থাকবে, নির্বাচন তত বেশি উৎসবমুখর ও অন্তর্ভুক্তিমূলক হবে। সে কারণে আপিল নিষ্পত্তির সময় ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করা প্রয়োজন, বিবৃতিতে যোগ করেন তিনি।


