ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পল্টন থানার বিজয়নগর এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন।’
‘প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মারা যান ওসমান হাদি।’
এতে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ দেশে আনা হয়। পরদিন ২০ ডিসেম্বর মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করেন।


