ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা আসার পরপরই বৃহস্পতিবার রাতে সাংবাদিক, সম্পাদক ও বিভিন্ন মিডিয়া হাউসের ওপর চালানো হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ।
এই হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও জনসাধারণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে সংস্থাটি।
শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা জানায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের অবহিত হওয়ার অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়, সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, যাতে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা যায়।

এমএফসি উল্লেখ করে, সাংবাদিকেরা যেন ভয় ও ভীতি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
গণমাধ্যমকর্মীদের সুরক্ষা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও সচেতন সমাজ টিকিয়ে রাখার জন্য অপরিহার্য।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশের এই বিবৃতিতে কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও নেদারল্যান্ডস সই করেছে।
যুক্তরাষ্ট্র এই জোটের সদস্য হলেও বিবৃতিতে দেশটির নাম অন্তর্ভুক্ত হয়নি।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন একটি বৈশ্বিক জোট, যা অনলাইন ও অফলাইনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ করে। এই জোট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা গণমাধ্যমের কাজ বাধাগ্রস্ত করতে বা সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে।


