সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী।
সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর জামায়াত নেতারা সাংবাদিকদের বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড সুনিশ্চিত হয়নি।
এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের(ইসি) সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, সরকার ও নির্বাচন কমিশন এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। প্রশাসনকেও যথাযথভাবে নিরপেক্ষ করা যায়নি। এসবের কিছু উদাহরণ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরে এসব বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এক দলের সভার ওপর অন্য দলের হামলার ঘটনা ঘটছে। নারীরাও গণসংযোগে গিয়ে হামলার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কী কী আশঙ্কা আছে, কিভাবে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন-এসব জানতে চেয়ে জামায়াতে ইসলামী।
এই জামায়াত নেতা বলেন, নির্বাচনী ব্যয়ের বরাদ্দ বাড়িয়ে হলেও প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্রামেরা স্থাপনের জন্যও নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া-না দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।


