টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে জোড় ইজতেমায় মোট ৩ জন মুসল্লির মৃত্যু হলো।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৬০)। তার বাবার নাম আব্দুল হাকিম। তার বাড়ি জামালপুর সদরের কেন্দুয়ায়।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ-জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয় শুক্রবার।
ইজতেমা শুরুর দিনে ময়দানে চাঁন মিয়া (৬০) ও মোহাম্মদ নুর আলম (৮০) নামে দুই মুসল্লি মারা যান।
আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হবে।


