আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুই সেনা কর্মকর্তার মামলার শুনানি হবে সোমবার। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম।
সূত্র জানিয়েছে, শুনানির জন্য এদিন সকাল ১০টার কিছু পরে গ্রেপ্তারকৃত এই দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি ঘিরে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই দুই সেনা কর্মকর্তাসহ চারজন আসামি। এ মামলার শুনানির পূর্বনির্ধারিত তারিখ সোমবার। ২৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির এ দিন ধার্য করে। এ মামলায় গত বছরের ১৮ ও ১৯ জুলাইয়ে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
১৩ সেনা কর্মকর্তার সঙ্গে ২২ অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলমকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে তাদের ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে রাখা হয়।
রোববার সেই ১৩ সেনা কর্মকর্তার মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিকে কেন্দ্র করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।


