স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি উৎসাহব্যঞ্জক হলেও কিছু ক্ষেত্রে তা এখনো সীমিত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে গেলে স্বাস্থ্য খাতে বিদ্যমান জটিলতা দূর করে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।’
রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড: মিড-টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নুরজাহান বেগম জানান, স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে ইতোমধ্যে সাড়ে সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে, সাড়ে তিন হাজার চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে, পাশাপাশি আরও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী ও মানবসম্পদ বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘মা ও শিশু মৃত্যুহার কমানো, অসংক্রামক রোগজনিত মৃত্যু হ্রাস এবং এসব ঝুঁকি প্রতিরোধে কারণ শনাক্ত করে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া জরুরি।’
কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


