নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় খালাস পেয়েছেন বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম।
মঙ্গলবার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
আব্দুস সালামের আইনজীবী মো. বোরহান উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আব্দুস সালাম আদালতে হাজির ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ নভেম্বর আব্দুস সালামকে সাত কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক।
তবে বারবার অতিরিক্ত সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী দাখিল করেননি। সবশেষ ২০১৭ সালের ৮ জানুয়ারি এই নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে নতুন করে সময় দেওয়া হয়নি। এরপর ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় বাদী হয়ে ওই মামলা করেন।
মামলার তদন্ত শেষে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আব্দুস সালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা।
এরপর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে নয় জনের সাক্ষ্য নেয় আদালত। সাক্ষ্য শেষে আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে খালাসের রায় ঘোষণা করেন বিচারক।


