লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন জুবাইদা রহমান।
এর আগে গত ৫ ডিসেম্বর সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু শারীরিক পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়াকে নেওয়া যায়নি।
তাছাড়া আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। সেজন্য লন্ডনে ট্রাভেল পাসও নিয়েছেন তিনি। তার ঠিক আগে আগে দেশে থেকে ঘুরে গেলেন তার স্ত্রী।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান। বরাবরই এই বোর্ডের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকেন তিনি।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
৩০ নভেম্বর ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।


