আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।
আটকৃ ব্যক্তিরা হলেন- আশুলিয়া থানাধীন মধুপুর এলাকার আব্দুর রহমান (৪২), মো. শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।
তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে আলাদা অভিযানে আরও চারজনকে আটক করা হয়।
এরা হলেন–নলাম বাগবাড়ি এলাকার মো. মন্টু মিয়া (৩৫), নলাম বেপারীর ছেলে রাকিব হোসেন (৩৯)। তারাও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


