জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সমঝোতার জন্য সিদ্ধান্ত জানাতে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা সোমবার শেষ হচ্ছে। তবে এ নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও গণভোটের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত দেবে অন্তর্বর্তী সরকার।
জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সংসদ নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে সংসদের নির্বাচনের দিনেই গণভোট চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নিয়ে রাজনৈতিক দলগুলিকে আলোচনায় বসে এক সপ্তাহের মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানায় উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলো এতে ব্যর্থ হলে সরকার নিজেই পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।
সরকারের আহ্বান অনুসারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যের কমিটি করেছে জামায়াতে ইসলামী। তবে তাদের আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বিএনপি। বরং তারা সরকারের ওপরই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়েছে।
বিএনপির বক্তব্য
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো দীর্ঘসময় আলোচনা করেছে। এখন আর নতুন করে আলোচনার দরকার নেই। অবশ্য সরকার আলোচনার জন্য উদ্যোগ নিলে তাতে যোগ দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। এ ক্ষেত্রেও সব দলকে নিয়ে একসঙ্গে বসার বদলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসতে চায় তারা।
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইমস অব বাংলাদেশকে বলেন, ওপর তলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে। বিএনপি এটা মেনে নিয়েছে। তবে সংসদ নির্বাচনের দিনই গণভোট দিতে হবে। সরকারকেই সঠিক সিদ্ধান্ত দিতে হবে।
এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে জামায়াতসহ আটটি দল। মাঠে-ময়দানের বক্তৃতায় এই দাবিতে কোনোরকম ছাড় না দেওয়ার ঘোষণা দেন জামায়াত নেতারা। দাবি আদায়ে ৪৮ কিংবা ৭২ ঘণ্টার আলটিমেটাম ও পরে ‘ঢাকা চলো’ কর্মসূচি পালনেরও চিন্তা-ভাবনা করছে জামায়াতসহ সমমনা আট দল।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ টাইমসকে বলেন, সরকার আলোচনায় ডাকলে তখন দলের মধ্যে আলোচনা করে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াত ছাড়া জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সংসদ নির্বাচনের আগে গণভোট চায়। তবে তারা নিজেদের অবস্থান নরম করে বলেছে, সংসদ নির্বাচনের দিনে গণভোট দিলেও তাদের আপত্তি নেই।


