চাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ

চাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ
চাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিচ্ছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ও চাকসুর সভাপতি ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট প্রভোস্টরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। পরে উপাচার্য নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপ উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিনের সভাপতিত্বে উপ উপাচার্য (একাডেমিক) ড. শামীম উদ্দিন খান ও চাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে, ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

২৬টি পদের মধ্যে ২৪টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। কেবল যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদলের প্রার্থী।

চাকসুর পাশাপাশি মোট ৯টি হল ও ১টি হোস্টেলের ১৪০টি পদে অনুষ্ঠিত নির্বাচনে শিবির পেয়েছে ৭৬টি পদ, ছাত্রদল ১৯টি এবং বাম ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন বাকি ৪৫টি পদে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad