বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল যদি সরকার গঠন করে, তবে দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টিম ‘হেলথ কেয়ার’ গঠন করবে।
তিনি বলেন, ‘সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হবে।’
এ ছাড়া, মায়েদের স্বনির্ভরতা বৃদ্ধি করতে পরিবারভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ চালুরও পরিকল্পনার কথা জানান তিনি।
শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলায় আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দীর্ঘদিন পর পৈতৃক ভূমির মানুষের সঙ্গে কথা বলে এক অভূতপূর্ব অনুভূতি প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের পরে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করবে। তিনি দলের নেতা–কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এর আগে, দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে হাজারো রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।
শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। বিকালে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে এবং দেশের যেকোনো প্রয়োজনে কাজ করতে প্রস্তুত।’
এ ছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।


