চলতি বছরের রসায়নে নোবেল পুরস্কার জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির ওমর এম ইয়াঘিকে দেওয়া হয়েছে।
তাদের এই স্বীকৃতি আসে ধাতব-জৈব কাঠামো আবিষ্কারের জন্য। এই আণবিক কাঠামো এত বড়, যার মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। গবেষকরা বলছেন, কাঠামোগুলো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড ধরার, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহৃত হতে পারে।
বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেলজয়ীরা প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা প্রায় ১ কোটি ১০ লাখ ক্রোনা। যেখানে একাধিক বিজয়ী থাকবেন, সেখানে এই অর্থ ভাগ করে দেওয়া হবে। বর্তমান বাজারে এর মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা।
প্রতিবছর পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। আর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করা হয় সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মাধ্যমে।


