লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সোমবার উপাচার্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে যান এবং অসুস্থ শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এই হাসপাতালটিতে লাইফ সাপোর্টে রয়েছে।
গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পরে তার একটি স্টেন্টিংও করা হয়।
সৈয়দ মনজুরুল ইসলাম দীর্ঘসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। পরে কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।
২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তাকে দেখতে যান প্রক্টরের রুটিন দায়িত্বে নিয়োজিত সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ তানভীর আলীসহ অন্যরা।


