সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় মধ্যহ্নভোজে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।
রাষ্ট্রদূতের সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে খোলামেলা মতিবিনিময় হয়েছে।
রাষ্ট্রদূত বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানা গেছে।
রোববার গুলশানের বাসায় রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা যান।
বিএনপির মিডিয়া সেল জানান, রাষ্ট্রদূত এই মধ্যহ্নভোজের আমন্ত্রণ জানায়। প্রতিনিধিদলে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।


