শুরুতে ছিল গুঁড়ি গুঁড়ি, সোমবার ভোর থেকেই শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের তীব্র শব্দ।
ঢাকাবাসীর সপ্তাহের কর্মব্যস্ত দিনটি শুরু হয় দুর্ভোগ সঙ্গে নিয়ে। তুমুল বৃষ্টিতে জলবদ্ধ হয়ে পড়ে ঢাকার অনেক রাস্তা।
তাতে কাজের তাগিদে পথে নামা মানুষকে যানবাহন পেতে বেশ বেগ পোহাতে হয়। সকালে রাস্তাঘাটে জমা হাঁটু-সমান পানি পেরিয়ে, মাথায় ছাতা নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটতে দেখা যায় কর্মব্যস্ত মানুষদের।
সেই সঙ্গে বাড়তি ভোগান্তি এনে দেয় যানজট। পথের বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় সড়কে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কিছু গাড়ি।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
বৃষ্টির কারণে হওয়া ভোগান্তির মধ্যে স্বস্তির খবর হচ্ছে, ঢাকার বায়ুমান ‘ভালো’ পর্যায়ে উঠেছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ২২। এই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ‘ভালো’ বলা হয়।
এর আগে রোববার সকাল ১০টার দিকে ১৭২ বায়ুমান নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে উঠেছিল ঢাকা। বৃষ্টির প্রভাবে সোমবার তালিকায় ১০৫তম অবস্থানে নামে ঢাকা।


