ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলেই এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তবে এক্ষেত্রে ব্যতিক্রম জগন্নাথ হল।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে এই হলের ভোটের ফলাফল পাওয়া যায়। সে অনুযায়ী কেবল এই হলটিতেই পিছিয়ে শিবিরের প্রার্থীরা, তাদের তুলনায় বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা, এগিয়ে রয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।
এই কেন্দ্রের জগন্নাথ হলের ভোট গণনায় দেখা গেছে, ডাকসুর ভিপি পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট। এ ছাড়া উমামা ফাতেমা ২৭৮; আবদুল কাদের ২১; বিন ইয়ামিন মোল্লা ৫; শামীম হোসেন ১৭১ ও তাসনিম আফরোজ ইমি ১১ ভোট পেয়েছেন।
জিএস পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মেঘমল্লার বসু, তিনি পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট। এছাড়া ছাত্রদলের হামিম পেয়েছেন ৩৯৮ ভোট, শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৫ ভোট। এই পদে আরাফাত পেয়েছেন ১৬৯, বাকের ২৭ ভোট।
জগন্নাথ হলে মূলত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান শিক্ষার্থীরা থাকেন। এই হলে ভোটার সংখ্যা দুই হাজার ২২৫ জন। হলভিত্তিক ভোটের হিসেবে ছাত্রদের হলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এই হলটি।
স্বাধীনতার পর এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে এত শক্ত অবস্থানে দেখা যাচ্ছে। ১৯৯০ সালে এই ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিথস্ক্রিয়ার আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদে ছাত্রশিবির এবং জাতীয় ছাত্রসমাজকে ক্যাম্পাসে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। তখন ডাকসুর নিয়ন্ত্রণে ছিল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
এরপর কখনোই প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাতে পারেনি জামায়াতের এই ছাত্র সংগঠনটি।


