ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার এই ঘোষণা।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি।
ওই পোস্টে উমামা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’

ছাত্র ফেডারেশনের সাবেক নেতা উমামা ফাতেমা জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। সেসময় নানা পদক্ষেপ, শক্ত অবস্থান এবং বিভিন্ন বক্তব্য তাকে আলোচনায় নিয়ে আসে। পরবর্তীতে তিনি প্লাটফর্মটির মুখপাত্র মনোনীত হন। যদিও প্ল্যাটফর্মটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৭ জুন মুখপাত্র পদ থেকে সরে দাঁড়ান তিনি।
মঙ্গলবার দিনভর চলে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। বিকাল থেকে শুরু হয় ভোট গণনা। যার ফলাফল ঘোষণা শুরু হতে বেজে যায় বুধবার রাত দেড়টা।
ভোর ৪টায় যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে, তখন সিনেট ভবন থেকে ঘোষণা করা হচ্ছে ভোটের ফলাফল।
এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ভিপি ও জিএস পদে বিজয়ী হতে চলেছেন ছাত্রশিবিরসমর্থিত প্যানেলের প্রার্থীরা।
এরই মধ্যে ফলাফল বর্জন করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।


